>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ: অবস্থা আশঙ্কাজনক |
রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
সহকর্মী মিসবাহ জানান, জুমার নামাজের পর রিকশযোগে বিজয়নগর এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলে আসা দুই আরোহী হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের ভাষ্য
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ শুক্রবার বিকেলে জানান, হাসপাতালে আনার সময় হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাকে তাৎক্ষণিক সিপিআর (CPR) দেওয়া হয়েছে। বর্তমানে রক্তচাপ কিছুটা উন্নতি হলেও মাথার ভেতরে গুলি থাকায় তিনি শঙ্কামুক্ত নন।
জীবন নিয়ে শঙ্কা ছিল আগেই
হামলার মাত্র তিন দিন আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) একটি বিশেষ সাক্ষাৎকারে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন হাদি। তিনি বলেছিলেন, “জীবন নিয়ে শঙ্কা তো আছেই। কিন্তু আমার কাজে আমাকে সারাদিনই ঘুরতে হয়। আমি ইনসাফের চাষাবাদ করতে চাই।”
সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, “বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে—একটা গ্লোরির মৃত্যু।” ভাগ্যের নির্মম লিখন, সেই রাজপথেই আজ তাকে গুলিবিদ্ধ হতে হলো।