>
আপনার ব্র্যান্ডের প্রচার করুন আমাদের সাথে।
![]() |
| আশুলিয়া ছাত্র হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার |
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজু আশুলিয়ার ভাদাইল এলাকার মো: চাঁন মিয়ার ছেলে এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুর কবির জানান, রাজু আহম্মেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমন করছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী বলেন, রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এ বিষয়ে একাধিক তথ্য ও ফুটেজ মিলেছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।